সোমবার মিরপুরে বিপিএলের উদ্বোধন করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি জুলাই অভ্যূত্থানের স্মৃতির কথা স্মরণ করেন। থিম সং, মাস্কট, গ্রাফিতিসহ বিভিন্ন আয়োজন থাকছে বিপিএল ঘিরে। তার বিশ্বাস, নতুন বাংলাদেশে হবে নতুন বিপিএল।
-ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন, একটা দীর্ঘ লড়াইয়ের পর আমরা আজকের এই বাংলাদেশে আছি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশের অংশ হিসেবে আমরা দেশের প্রতিটি সেক্টরে সংস্কারের উদ্যোগ নিয়েছি। তরই অংশ হিসেবে বিপিএলটাকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, ‘এবারের বিপিএলে থিম সং ও মাস্কটসহ কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠের খেলাও যেন উপভোগ্য হয়। সেজন্য বিসিবি অনেক কাজ করেছে। আজকের এই আয়োজনকে সফল করার জন্য এবং একটি সুন্দর বিপিএল সবাইকে উপহার দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন, আমাদের এই উদ্যোগের সঙ্গে প্রধান উপদেষ্টা নিজেও সরাসরি যুক্ত ছিলেন। সর্বোপরি আশা করি নতুন বাংলাদেশে নতুন বিপিএল হিসেবে সবার নিকট উপভোগ্য হবে।’
বিপিএলের মিউজিক ফেস্টে গান পরিবেশন করবেন পাকিস্তানের তারকা শিল্পী রাহাত ফতেহ আলী খান। এছাড়া বাংলাদেশের বেশ কিছু ব্যান্ড ও সংগীত শিল্পী থাকবেন এই আয়োজনে। তবে এসব আয়োজনের পাশাপাশি মাঠের ক্রিকেটটাও উপভোগ্য দেখতে চান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
তিনি বলেন, ‘আজকে মিউজিক ফেস্ট শুরু হলো। যারা আছেন, সবাইকে ধন্যবাদ। খুব ভালো লাগছে আমার। আমার মনে হয় যে এবারের বিপিএলটা আপনারা এর মধ্যে জেনে গেছেন, অনেকগুলো কাজ করেছি। প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশনায় আমরা থিম সং ও গ্রাফিতি উম্মোচন করেছি। অনেকগুলো ইভেন্ট হয়েছে। এখন আমরা অপেক্ষা করছি এই কনসার্টগুলো শেষ হওয়ার পর আমাদের মেইন ইভেন্ট যেটা সেটা শুরু করবো। আমি সবচেয়ে আশা করবো তারা (দলগুলো) যেন খুব ভালোভাবে অংশ নেয়।
0 মন্তব্যসমূহ